গ্রন্থ সমালোচনা - বং থেকে বাংলা

ইতিহাসের স্রোতে এক জাতির উত্থান: ‘বং থেকে বাংলা’

গ্রন্থের নাম: বং থেকে বাংলা
লেখকের নাম: রিজিয়া রহমান
প্রকাশকাল: ১৯৭৮


একটি জাতির আত্মপরিচয়ের খোঁজ, তার ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় চেতনার উত্থানপতনের দীর্ঘ ইতিহাসকে উপন্যাসের ছাঁচে বর্ণনা করে লিখা একটি গ্রন্থ - বং থেকে বাংলা। কল্পনার আবরণে মোড়া এই ঐতিহাসিক দলিল, বাংলা নামক ভূখণ্ডের আদি থেকে আধুনিক ইতিহাস পর্যন্ত বিস্তৃত।

এই উপন্যাসে আড়াই হাজার বছর আগে বং ও এলা নামের প্রতীকী দুটি চরিত্র দিয়ে শুরু হয় বাংলাদেশের অস্তিত্ব ও বাঙালিত্বের সন্ধান। দশটি অধ্যায়ে দশটি ভিন্ন সময়ের গল্পে উঠে এসেছে সভ্যতার পরিবর্তন, আর্য আগমন, মৌর্য-গুপ্ত যুগ, মুসলিম শাসন, ব্রিটিশ শোষণ, পাকিস্তানি নিপীড়ন ও সর্বশেষ ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ। প্রতিটি অধ্যায়ে গল্পের ছলে ইতিহাস ও সমাজের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে।

এই গ্রন্থের প্রথম ভাগে আর্যযুগ, দ্বিতীয় ভাগে কালু ও বুলু চরিত্রের মাধ্যমে কৃষিযুগ, তৃতীয় ভাগে বিনিকা চরিত্রের মাধ্যমে বৈদিক যুগ, চতুর্থভাগে কলঙ্গ যুগ, পঞ্চম ভাগে রাজা শশাঙ্কের সময়কাল, ষষ্ঠ ভাগে সেন শাসন, সপ্তম ভাগে তুর্কি শাসন, এরপর অষ্টম ভাগে মোঘল আমল, নবম ভাগে কোম্পানি শাসন এবং দশম ভাগে দেশ বিভাগ থেকে স্বাধীনতা-উত্তর সময়কালের ইতিহাস বর্ণিত হয়েছে। দশটি ভাগে বিভিন্ন সময়ের বাংলা জনপদের জীবন ও ইতিকথা বিধৃত হয়েছে।

রিজিয়া রহমান

লেখক রিজিয়া রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা-উত্তর প্রজন্মের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক। ষাটের দশক থেকে শুরু করে তার সাহিত্যচর্চার হাতেখড়ি। তিনি ঘর ভাঙা ঘর, রক্তের অক্ষর, উত্তর পুরুষ এর মতো উপন্যাসে সমাজ, রাজনীতি ও নারীর অবস্থানকে গভীরভাবে উপস্থাপন করেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৮) এবং একুশে পদক (২০১৯) লাভ করেন।

বং থেকে বাংলা উপন্যাসটির প্রধান উপজীব্য হচ্ছে ভাষা ও জাতিসত্তার জাগরণ। এখানে বং ও এলা প্রতীকী চরিত্র হিসেবে হাজির, যারা আদি বাংলায় এসে ঘর বাঁধে। এরপর কালের পরিক্রমায় নানা যুগ, শাসনব্যবস্থা, দার্শনিক চিন্তা ও রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে বাংলা ভাষা ও বাঙালি জাতি কীভাবে গড়ে উঠেছে, তার অনন্য বর্ণনা মেলে। প্রতিটি অধ্যায়ে ভিন্ন চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে একেকটি যুগের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে।

ইতিহাসকে কেবল তথ্য দিয়ে নয়, সাহিত্যিক আবেগ ও কল্পনার সাথে মিশিয়ে উপস্থাপন করায় এই গ্রন্থটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাঙালির জাতিগত আত্মপরিচয়ের উৎস সন্ধান ও স্বাধীনতার মূল্য এই বইয়ের মূল শক্তি।

বং থেকে বাংলা গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি জাতির জেগে ওঠার দলিল। বাঙালির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি ও স্বাধীনতার সংগ্রামের গল্পকে উপন্যাসে রূপ দিয়ে তিনি ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন। এটি ইতিহাসপ্রেমী ও সাহিত্যরসিক উভয় শ্রেণির পাঠকের জন্য আবশ্যিক পাঠ্য।

0 comments:

Post a Comment