ফররুখ আহমদের সাত সাগরের মাঝি বাংলা কবিতায় বৈপ্লবিক নবজাগরণের কাব্যগ্রন্থ। সিন্দবাদ মাঝি এখানে মুসলিম জাগরণ, আত্মপ্রতিষ্ঠা, নতুন জীবনের অভিযাত্রা ও মানবতার মুক্তির আহ্বান জানায়। কবি ইসলামী ঐতিহ্য, ইতিহাস, সমকালীন রাজনৈতিক বাস্তবতা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, ঔপনিবেশিক শোষণ ও মানবতার সংকটকে রূপকের মাধ্যমে প্রকাশ করেছেন। আরবী–ফারসী শব্দ, শক্তিশালী চিত্রকল্প, রোমান্টিকতা ও বিপ্লবী সুর মিলিয়ে নতুন ধারার কাব্যরীতির জন্ম দেন। ‘হেরার রাজতোরণ’ এর দিকে অগ্রসর হওয়ার আহ্বান, মানবমুক্তির প্রত্যয়, দুঃসাহসিক নাবিকের প্রতীক এসব মিলিয়ে সাত সাগরের মাঝি একটি মুসলিম রেনেসাঁর কাব্যরূপ।
১। ফররুখ আহমদের কবিপ্রতিভার স্বরূপ
ফররুখ আহমদের কবিপ্রতিভা একদিকে ইসলামী জীবনদর্শন, ঐতিহ্য ও আধ্যাত্মিকতা, অন্যদিকে সমকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, মানবতাবাদ ও শোষণবিরোধিতা এই দুই ধারার সমন্বয়ে গঠিত।
ক) ইসলামী ঐতিহ্য ও আদর্শের সৃজনশীল শিল্পরূপ: নজরুলের পর বাংলায় ইসলামী ধারাকে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠা করেন। তাঁর কবিতায় ইসলামী ইতিহাস, প্রতীক, আধ্যাত্মিকতার দ্যোতনা অত্যন্ত বলিষ্ঠ।
‘হে মাঝি এবার তুমিও পেয়ো না ভয়
তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়…
ভিড় করে সেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।’
খ) প্রতীক ও রূপকের শক্তিশালী ব্যবহার: সিন্দবাদ, মাঝি, হেরা, দরিয়া, পাল, ঝড় এসব প্রতীক তাঁর কবিতাকে ঐতিহ্য ও আদর্শের মিলনস্থলে পরিণত করেছে।
‘নতুন পানিতে সফর এবার, হে মাঝি সিন্দাবাদ।’
গ) শোষণবিরোধী ও মানবতাবাদী চেতনা: ফররুখ নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেছেন। পুঁজিবাদী শাসকশ্রেণির বিরুদ্ধে তাঁর ভাষা তীব্র, প্রত্যক্ষ ও বিপ্লবী।
‘মানুষের হাড় দিয়ে তারা আজ গড়ে খেলাঘর
সাক্ষী তার পড়ে আছে মুখ গুঁজে ধরণীর পর।’ — (লাশ)
ঘ) ভাষার অভিনবত্ব: আরবী ফারসী শব্দ প্রয়োগ, সংস্কৃতানুগ ছন্দ ও রোমান্টিক উপমা - এসব মিলিয়ে তাঁর কবিতার ভাষা স্বতন্ত্র।
ঙ) জাগরণ ও দুঃসাহসের কবি: তাঁর কবিকণ্ঠ সাহসী, দৃপ্ত ও ভবিষ্যতনির্মাণী।
‘মোরা মুসলিম দরিয়ার মাঝি, মওতের নাহি ভয়।’
এককথায়, ফররুখ আহমদ ঐতিহ্য, আদর্শ, ইতিহাস, বিপ্লব, মানবতাবাদ ও প্রতীকের অনন্য সমন্বয়ে এক স্বতন্ত্র ইসলামী-আদর্শনির্ভর কাব্যজগৎ গঠন করেছেন।
২। ‘সাত সাগরের মাঝি’ কবিতার প্রেক্ষাপট ও বিষয়বস্তু
সাত সাগরের মাঝি রচিত হয় চল্লিশের দশক (১৯৪৪), দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, ব্রিটিশ শোষণ, মুসলিম সমাজের নবজাগরণ ও পাকিস্তান আন্দোলনের অস্থিরতার প্রেক্ষাপটে। দুই শতক ধরে নিপীড়িত বাঙালি মুসলমান যখন নতুন পরিচয়, স্বপ্ন ও আত্মমর্যাদার সন্ধানে, তখন ফররুখ এই কাব্যগ্রন্থে মানুষের মানসিক উত্তরণকে প্রকাশ করেন। তিনি জাতিকে নতুন ভবিষ্যতের দিকে আহ্বান জানান। তাই কবিতার সিন্দবাদ কেবল সামুদ্রিক নাবিক নয়, বরং একজন প্রতীকী নেতৃত্বদাতা, জাগরণের অগ্রদূত।
১) জাগরণ ও নতুন জীবনের আহ্বান: কবিতার শুরুতেই আঁধার (ঘুম) ভেদ করে নতুন ভোরের ডাক দিয়েছেন।
‘কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হ’ল জানি না তা’
নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা।
দুয়ারে তোমার সাত সাগরের ফেনা।
তবু জাগলে না? তবু তুমি জাগলে না?’
এখানে ঘুম মানে জড়তা, অবদমিত জাতির নিস্তব্ধতা, যাকে কবি জাগাতে চান।
২) বাধা সত্ত্বেও এগিয়ে যাওয়ার নির্দেশ: জাতির জন্য পথ কঠিন হলেও তিনি আশার আলো দেখান।
‘হে মাঝি! তবুও থেমো না দেখে এ মৃত্যুর ইঙ্গিত,
তবুও জাহাজ ভাসাতে হবে এ শতাব্দী মরা গাঙে।’
৩) ইসলামী আদর্শ: হেরার রাজতোরণ কবিতায় হেরা (হেরা গুহা, যেখানে হযরত মুহাম্মদ (সা.) প্রথম ওহি লাভ করেন) মানবতার, সত্য, আদর্শের প্রতীক।
‘এখানে এখন রাত্রি এসেছে নেমে,
তবুও দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতোরণ।’
৪) দুঃসাহস ও আশার শক্তি: সিন্দবাদ মাঝি ভয় পায় না, কারণ তার সফর সত্য ও আদর্শের দিকে।
‘হে মাঝি এবার তুমিও পেয়ো না ভয়…
ঝরুক এ ঝড়ে নারঙ্গী পাতা তবু পাতা অগণন।’
৫) শোষণ–বঞ্চনার বিরুদ্ধে রূপক প্রতিবাদ: কবিতাটি যেমন স্বপ্নময়, তেমনি রয়েছে বাস্তব দুঃখও। অন্যান্য কবিতার মতো মূল কবিতা সাত সাগরের মাঝি তেও দারিদ্র্য ও অত্যাচারের কথা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
৬) প্রতীকী অভিযান: সাত সাগর মানে জীবনের সাত অধ্যায়, সাত সংগ্রাম, অসীম বাধা। মাঝি মানে নেতৃত্বদানকারী চেতনাশক্তি।
৭) শোষণের বিরুদ্ধে অবস্থান:পাঞ্জেরি কবিতার মাধ্যমে তিনি জানতে চেয়েছেন পুঁজিপতিদের শাসন-শোষণের হাত থেকে মানব সমাজ কবে মুক্তি পাবে।
‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা-মায়ায় জাহাজের পাল দেখে।’
অতএব, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থ এক কথায় আমাদের জাতীয় রেনেসাঁর সার্থক রূপকার। তিনি ঐতিহ্যের পাটাতনে আদর্শের পাল উড়িয়ে সিন্দবাদ নাবিক সেজেছেন।

0 comments:
Post a Comment