Norm Diffusion Theory
Norm Diffusion Theory আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নতুন নিয়ম-কানুন (norm) তৈরি হয় এবং ছড়িয়ে পড়ে তা ব্যাখ্যা করে । প্রথমে কিছু প্রভাবশালী ব্যক্তি/সংগঠন/রাষ্ট্র একটি নতুন নর্ম প্রচার করে (Norm Entrepreneurs), পরে ধীরে ধীরে তা অন্যরা অনুসরণ করে এবং একসময় সেটি আন্তর্জাতিক মানদণ্ড হয়ে যায়। এই ধারণাটি আন্তর্জাতিক সম্পর্কের Constructivist দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন Martha Finnemore ও Kathryn Sikkink।
Norms change the world not by force, but by shaping what states see as acceptable. Martha Finnemore
উদাহরণ: মানবাধিকারের নর্ম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া। শুরুতে এটি নির্দিষ্ট কিছু রাষ্ট্রের ধারণা ছিল, কিন্তু জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা (যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) এর ক্রমাগত প্রচার ও চাপের মাধ্যমে এটি এখন একটি আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হয়েছে, যা বহু রাষ্ট্রকে তাদের অভ্যন্তরীণ নীতি পরিবর্তন করতে বাধ্য করেছে। এছাড়া রয়েছে দাসপ্রথা নিষিদ্ধ হওয়া, নারীর ভোটাধিকার, LGBTQ অধিকার বিস্তার ইত্যাদি।
Power Transition Theory
পাওয়ার ট্রানজিশন তত্ত্ব অনুযায়ী, আন্তর্জাতিক ব্যবস্থায় সংঘাত সবচেয়ে বেশি দেখা যায় যখন একটি নতুন উঠতি শক্তি (Rising Power/Challenger State) ধীরে ধীরে বর্তমান সুপার পাওয়ারকে (Dominant State/Declining Power) টেক্কা দেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে, যদি উদীয়মান রাষ্ট্রটি বিদ্যমান বৈশ্বিক নিয়ম-কানুন ও ক্ষমতার কাঠামো নিয়ে অসন্তুষ্ট থাকে (dissatisfied with the status quo), তবে সংঘাত বা যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে যায়। A.F.K. Organski এই তত্ত্বের প্রবক্তা।
এই তত্ত্ব বলে যে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার একটি ক্রমবিন্যাস (Hierarchy) থাকে, এবং শান্তি বজায় থাকে তখনই যখন একটি শক্তিশালী রাষ্ট্রের প্রাধান্য (Preponderance of Power) অটুট থাকে। কিন্তু যখন কোনো উঠতি শক্তি বর্তমান প্রভাবশালীর সমান বা কাছাকাছি শক্তি অর্জন করে, তখনই উত্তেজনা চরমে পৌঁছায়। এমন পরিস্থিতিতে প্রভাবশালী রাষ্ট্র নিজস্ব আধিপত্য রক্ষার জন্য প্রতিরোধমূলক যুদ্ধ (Preemptive War) শুরু করতে পারে।
War is most likely when a rising challenger threatens to overtake the dominant state.A.F.K. Organski
উদাহরণ: যুক্তরাষ্ট্র-চীনের বর্তমান প্রতিদ্বন্দ্বিতা; প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানির উত্থান।
Two-Level Game Theory
টু-লেভেল গেম থিওরি অনুযায়ী আন্তর্জাতিক আলোচনার সময় কোনো রাষ্ট্রের নেতা একসাথে দুই স্তরে কাজ করেন: আন্তর্জাতিক স্তরে অন্য রাষ্ট্রের সঙ্গে সমঝোতা এবং অভ্যন্তরীণ স্তরে নিজ দেশের জনগণ, রাজনৈতিক দল, সংসদ, ব্যবসায়ী গোষ্ঠী ও স্বার্থগোষ্ঠীর সমর্থন নিশ্চিত করা। অর্থাৎ কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে নেতাকে শুধু বিদেশি অংশীদার নয়, নিজ দেশের রাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনা করতে হয়, কারণ অভ্যন্তরীণ সমর্থন না থাকলে চুক্তি সফল হয় না। Robert D. Putnam এই তত্ত্বের প্রবক্তা।
Diplomacy is a two-level game where domestic politics and international negotiations are intertwined. Robert Putnam
উদাহরণ: প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট বা ইরান নিউক্লিয়ার ডিলের মতো বিষয়গুলোতে দেখা যায় যে নেতারা আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিলেও অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতার কারণে তা বাস্তবায়ন করতে পারেন না।
Epistemic Communities Theory
এপিস্টেমিক কমিউনিটি থিওরি আন্তর্জাতিক নীতি নির্ধারণে বিশেষজ্ঞ ও পেশাদার নেটওয়ার্কের প্রভাবকে ব্যাখ্যা করে। এই তত্ত্বের জনক অধ্যাপক Peter M. Haas এর মতে, নীতি-নির্ধারকদের যখন জটিল বৈশ্বিক সমস্যার মুখোমুখি হতে হয়, তখন তারা সেই ক্ষেত্রের বিশেষজ্ঞদের উপর নির্ভর করে যারা সম্মিলিতভাবে নীতিগত দিকনির্দেশনা দেন। এটি ঠিক এমিকাস কিউরির মতো। এপিস্টেমিক কমিউনিটি বলতে এমন পেশাদার ও বিশেষজ্ঞদের নেটওয়ার্ককে বোঝায় যাদের নির্দিষ্ট কোনো বিষয়, যেমন পরিবেশ, অর্থনীতি বা জনস্বাস্থ্য সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকে। তারা বৈজ্ঞানিক যুক্তি ও গবেষণাভিত্তিক পরামর্শের মাধ্যমে নীতি প্রণয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে, ফলে রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলো জটিল সমস্যার সমাধানে তাদের মেধা ব্যবহার করে।
Knowledge-based experts help governments define problems and solutions. Peter M. Haas
উদাহরণ: ওজোন স্তরের ক্ষয়রোধ সংক্রান্ত আন্তর্জাতিক নীতি। ১৯৮০ এর দশকে পরিবেশ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের একটি দল (এপিস্টেমিক কমিউনিটি) ওজোন স্তরের ক্ষয় ও এর কারণ (CFC গ্যাস) সম্পর্কে নিশ্চিত তথ্য সরবরাহ করেছিল। তাদের এই ঐক্যবদ্ধ এবং প্রামাণিক জ্ঞান বিশ্ব নেতাদের মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol) স্বাক্ষর করতে প্রভাবিত করেছিল। এছাড়াও WHO-র বিশেষজ্ঞরা COVID-19 নীতিতে দেশগুলোকে পরামর্শ দেয়া; IPCC-র জলবায়ু বিজ্ঞানীরা।
Neo-Gramscian Theory
নিও-গ্রামসিয়ান তত্ত্ব একটি সমালোচনামূলক তত্ত্ব (Critical Theory) যা আন্তোনিও গ্রামসি-র (Antonio Gramsci) Gramscian Theory কে ক্রিটিক করে। Robert Cox কে এই তত্ত্বের জনক বলা হয়। এই তত্ত্ব দেখায় কীভাবে বৈশ্বিক আধিপত্য (Global Hegemony) শুধুমাত্র সামরিক বা অর্থনৈতিক শক্তি দ্বারা নয়, বরং ধারণা (ideas) এবং প্রতিষ্ঠানের (institutions) মাধ্যমেও বজায় থাকে। এই তত্ত্বের মূল ধারণা হলো যে ক্ষমতাবান দেশ বা শ্রেণি তাদের নীতি, মূল্যবোধ এবং প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করে।
Hegemony operates through ideas, institutions, and consent, not force alone. Robert Cox
উদাহরণ: IMF, World Bank কিংবা বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) অধিকাংশ নীতি ধনী দেশগুলোর স্বার্থকেন্দ্রিক, কিন্তু উন্নয়নশীল দেশগুলোও সেগুলো মেনে নিয়েচ্ছে বা নিচ্ছে। এখানে সম্মতি আদায়ের প্রক্রিয়াটিই বৈশ্বিক হেজিমনিকে প্রতিফলিত করে।
Securitization Theory
এটি Barry Buzan এবং কোপেনহেগেন স্কুল (Copenhagen School) এর প্রস্তাবিত একটি ধারণা। এই থিওরি বলে, কোনো বিষয়কে নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপন করলে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি করে। এই তত্ত্ব অনুযায়ী, কোনো সমস্যা বা ইস্যু নিজে নিজে নিরাপত্তা হুমকি হয় না, বরং রাজনৈতিক নেতারা বা সরকার সেটিকে নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণা করে (speech act)।
Security is created through speech acts. Barry Buzan (Copenhagen School)
উদাহরণ: 9/11 এর পর সন্ত্রাসবাদকে নিরাপত্তা হুমকি বলে যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন দেশে সামরিক অভিযান বৈধ হয়ে গিয়েছিল; COVID-19 কে নিরাপত্তা ইস্যু বানিয়ে লকডাউন।
Complex Interdependence
Robert Keohane এবং Joseph Nye তাদের বই “Power and Interdependence” (1977) এ এই ধারণাটি সর্বপ্রথম বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই তত্ত্বের মতে, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলো (states) একে অপরের উপর অর্থনৈতিক, রাজনৈতিক, ও সামাজিকভাবে এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যে তাদের মধ্যে যুদ্ধের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়।
উদাহরণ: বাংলাদেশ RMG রপ্তানি করে ইউরোপে। অন্যদিকে ইউরোপ থেকে ওষুধ, প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পায়। এই সম্পর্ক দুই দিক থেকেই নির্ভরশীল, তাই যদি একপক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দুইপক্ষেরই আসলে ক্ষতি হয়।
Hyper Globalism
Hyper-Globalism বা অতি-বৈশ্বিকীকরণ হলো এমন একটি দৃষ্টিভঙ্গি (perspective) যার মূলবক্তব্য হলো,
গ্লোবালাইজেশনের কারণে বিশ্ব এখন এতটাই একীভূত (integrated) হয়ে গেছে যে জাতীয় সীমানা, রাষ্ট্রের ক্ষমতা, লোকাল সংস্কৃতি এবং সর্বোপরি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে। মূলত ১৯৯০-এর দশকে Hyper-globalism জনপ্রিয় হয়।
উদাহরণ: Apple, Google, Amazon, Meta (Facebook) এরা পৃথিবীর প্রায় সব দেশে প্রভাব রাখে। এছাড়া Netflix সিরিজ, K-pop, বা Instagram trends ইত্যাদি স্থানীয় সংস্কৃতি অতিক্রম করে এক বৈশ্বিক সংস্কৃতি তৈরি করছে।
Brandt Line
Brandt Line হলো একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করে:
- উত্তর (Global North): উন্নত ও ধনী দেশসমূহ
- দক্ষিণ (Global South): উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহ
এই রেখা মূলত উত্তর-দক্ষিণ বিভাজন (North–South Division) নির্দেশ করে, যা বিশ্বের অর্থনৈতিক বৈষম্যকে প্রতিফলিত করে।
১৯৮০ সালে জার্মানির সাবেক চ্যান্সেলর Willy Brandt তার বিখ্যাত প্রতিবেদন “North–South: A Programme for Survival” (Brandt Report নামেও পরিচিত) এ এই ধারণা উপস্থাপন করেন। প্রতিবেদনের মূল বক্তব্য হলো-
বিশ্বে ধনী (উত্তর) দেশ ও গরিব (দক্ষিণ) দেশের মধ্যে গভীর বিভাজন রয়েছে, যা অর্থনৈতিক বৈষম্য, বাণিজ্য ও উন্নয়ন প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করছে। Willy Brandt
এই বিভাজন বোঝানোর জন্য Brandt মানচিত্রে একটি কাল্পনিক রেখা টানেন যা Brandt Line নামে পরিচিত। এটি বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্যের একটি প্রতীকী উপস্থাপন।
উদাহরণ: উত্তর গোলার্ধে ধনী দেশগুলোর (যেমন: USA, Canada, Western Europe, Japan, Australia, New Zealand) অবস্থান। অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলোর (যেমন: Latin America, Africa, South Asia, South-East Asia) অবস্থান।
Neo-Isolationism
Neo-isolationism হলো এমন একটি আধুনিক রাজনৈতিক ও পররাষ্ট্রনীতি ধারণা, যেখানে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক সংঘাত, জোট বা বৈশ্বিক হস্তক্ষেপ থেকে নিজেদের দূরে রাখার নীতি অনুসরণ করে। এটি প্রচলিত Isolationism এর একটি নতুন রূপ, যা Deglobalization এর মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেয়।
এই নীতিতে বিশ্বাসীরা মনে করেন, অতিরিক্ত বৈদেশিক সম্পৃক্ততা প্রায়ই রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি এবং সংস্কৃতির জন্য ঝুঁকি সৃষ্টি করে। ফলে, তারা আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পরিবর্তে সীমিত ও বাস্তববাদী কূটনৈতিক সম্পৃক্ততা সমর্থন করে।
উদাহরণ: ট্রাম্পের America First Policy, যুক্তরাষ্ট্রের WHO, Paris Climate Agreement ত্যাগ, USAID কর্মসূচি বন্ধ করা ইত্যাদি।
Digital Dictatorship
Digital Dictatorship বলতে বোঝায় এমন এক ধরনের স্বৈরশাসন (Dictatorship) যেখানে সরকার বা ক্ষমতাধর গোষ্ঠী ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, ডেটা, ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মানুষের আচরণ, মতামত ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, প্রযুক্তি ও নজরদারির মাধ্যমে রাষ্ট্র যখন নাগরিকের স্বাধীনতা নিয়ন্ত্রণ করে তখন তাকে Digital Dictatorship বলে।
উদাহরণ: চীন “Social Credit System” এর মাধ্যমে নাগরিকদের অনলাইন আচরণ পর্যবেক্ষণ করে। রাশিয়া ইন্টারনেট সেন্সরশিপ ও মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক মত প্রকাশ সীমিত করে। North Korea সম্পূর্ণ ইন্টারনেট ও তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে।
System 1503/1503 Procedure, 1970
এটি এমন একটি আন্তর্জাতিক নীতিমালা, যার আওতায় কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাষ্ট্র জাতিসংঘের সদস্য না হলেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করতে এবং তার বিচার বা প্রতিকার চাইতে পারে।
উদাহরণ: রোহিঙ্গা গণহত্যা, ইসলামিক রেভুলেশনের পর ইরানে তদন্ত, রুয়ান্ডায় তুতসি গণহত্যা ইত্যাদি।
Carpool Diplomacy
এটি একধরনের symbolic diplomacy যেখানে রাজনৈতিক দলের নেতা, প্রতিনিধি, বা প্রভাবশালী ব্যক্তিরা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেন। যেমন একই গাড়িতে ভ্রমণ বা একসাথে কোনো ইভেন্টে অংশ নেওয়া। এর মাধ্যমে পারস্পরিক বিশ্বাস ও সম্পর্ক উন্নয়ন ঘটে।
উদাহরণ: ২০২৫ সালের Shanghai Cooperation Organization (SCO) সামিটে মোদি ও পুতিন একসাথে একটি গাড়িতে যাত্রা করেছেন। এর মাধ্যমে মোদি মূলত পশ্চিমাদের শক্তিশালী একধরণের বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে পুনর্ব্যক্ত করছেন।
Snapback
Snapback বলতে বোঝায় কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার পূর্বে শিথিল করা নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ পুনরায় কার্যকর করা। এটি সাধারণত আন্তর্জাতিক সনদ বা চুক্তির প্রেক্ষিতে ব্যবহৃত হয়। যদি কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করে বা নির্ধারিত শর্ত পূরণ না করে, তাহলে আগের বিধিনিষেধগুলো পুনরায় কার্যকর করা হয়।
উদাহরণ: ইরান JCPOA তে চুক্তি করার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো কিছু নিষেধাজ্ঞা কমিয়ে দেয়। কিন্তু চুক্তি লঙ্ঘন হলে snapback এর মাধ্যমে পুনরায় সেসকল নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
Regime Theory
Regime Theory অনুযায়ী, আন্তর্জাতিক সিস্টেমে কোনো কেন্দ্রীয় সরকার না থাকলেও, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নিয়ম-কানুন (regimes) রাষ্ট্রগুলোর আচরণ নিয়ন্ত্রণ করে।
উদাহরণ: UNFCCC এর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাষ্ট্রগুলোর চুক্তি। WTO কর্তৃক আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বিরোধ মীমাংসা। এছাড়া Nuclear Non-Proliferation Treaty (NPT) এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে রাষ্ট্রগুলোর সহযোগিতা।
Nuclear Umbrella
Nuclear Umbrella বলতে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা বোঝায়, যেখানে কোনো পারমাণবিক শক্তিধর দেশ কর্তৃক পারমাণবিক অস্ত্রহীন মিত্র দেশকে পারমাণবিক হামলা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা কমানো।
উদাহরণ: জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য মার্কিন পারমাণবিক প্রতিরক্ষা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের Nuclear Umbrella তে বাংলাদেশের যুক্ত হওয়ার গুঞ্জন ওঠে।
Recognition Theory
একটি রাষ্ট্র বা সরকারের রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক বৈধতা নির্ভর করে অন্য রাষ্ট্রগুলোর স্বীকৃতি (recognition) এর উপর। কোনো রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে, সে আন্তর্জাতিকভাবে বাধাহীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অর্থাৎ, সরকার বা রাষ্ট্র কেবল তখনই বৈধতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা পায়, যখন অন্যান্য রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয়।
উদাহরণ: অনেক দেশ তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাই সে জাতিসংঘে পূর্ণ সদস্য নয়।
Strategic Peace Theory
ধরেন, একটি গ্রামে দুইটি গ্রুপ নিয়মিত সংঘাতে জড়ায়। গ্রামের যে চেয়ারম্যান আছে, তিনি এটার সমাধান করতে চাচ্ছেন। এখন তিনি যদি দুই গ্রুপকে বলেন "তোমরা মারামারি বন্ধ করো" তাহলেই তো আর মারামারি বন্ধ হয়ে যাবে না। এক্ষেত্রে তিনি দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। প্রথমত, তিনি গ্রাম পুলিশ ব্যবহার করে দুই দলের নেতাদের হালকা উত্তম মধ্যম দেওয়ার মাধ্যমে সাময়িকভাবে সংঘাত বন্ধ করতে পারেন। কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না। দ্বিতীয়ত, তিনি একটি দীর্ঘমেয়াদী সমাধান খুজতে পারেন যেন তাদের মধ্যে ভবিষ্যতেও আর কোনো সংঘাত না হয়। এই দ্বিতীয় পদ্ধতিই আন্তর্জাতিক রাজনীতিতে Strategic Peace Process বা কৌশলগত শান্তি প্রক্রিয়া বলে পরিচিত।
অর্থাৎ, Strategic Peace Process হলো এমন একটা শান্তি স্থাপন ব্যবস্থা, যেখানে শুধু সাময়িকভাবে ঝামেলা না মিটিয়ে বরং দীর্ঘমেয়াদে ভবিষ্যতেও যেন আবার একই ঝামেলা না হয়, সেটা নিশ্চিত করা হয়।
২০২৫ সালের অক্টোবর মাসে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল–গাজা যুদ্ধ বন্ধের জন্য একটা ২০ দফা পরিকল্পনা দেয়। এতে প্রথমে যুদ্ধবিরতি, তারপর বন্দি বিনিময়, তারপর ধীরে ধীরে সেনা প্রত্যাহার করার কথা বলা হয়। এভাবে পর্যায়ক্রমে শান্তি প্রতিষ্ঠার কৌশলকে Phased peace process বলে।
Digital Human Rights
এটি মূলত প্রচলিত মানবাধিকারেরই একটি আধুনিক সম্প্রসারণ, যা ইন্টারনেট ব্যবহারে মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে। এর আওতায় মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের স্বাধীন প্রবাহ, ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা, এবং প্রযুক্তির সমান সুযোগের অধিকার অন্তর্ভুক্ত। এর প্রবক্তা UN Human Rights Council (2012)
উদাহরণ:
- GDPR (EU)
- Online Freedom Acts
- Right to Data Privacy
- Right to Information (R2i)
- Data Protection Act, 2023 (Bangladesh)
- Personal Data Protection Ordinance, 2025 (Bangladesh)
Global Adaptation Strategy
Global Adaptation Strategy হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি বা বৈশ্বিক চ্যালেঞ্জের সাথে মানিয়ে চলার জন্য গৃহিত আন্তর্জাতিক কৌশল বা নীতি। এর মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক ঝুঁকি কমানো এবং দূষণ ও পরিবেশগত ক্ষতি হ্রাস করা।
উদাহরণ: COP 16 এর মাধ্যমে Green Climate Fund গঠন।
Carbon Lock-In
Carbon Lock-In বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে জ্বালানি অবকাঠামোর সাথে অর্থনৈতিক সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে, যে জীবাশ্ম জ্বালানি থেকে বের হওয়া বা নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করা কঠিন হয়ে পড়ে।
উদাহরণ: যানবাহন বা শিল্প খাত যেখানে ডিজেল, পেট্রোল বা প্রাকৃতিক গ্যাসের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা থাকে। চাইলেও এগুলা থেকে উত্তরণের সহজ কোনো পথ নেই।
Zero Waste
Zero Waste বলতে বোঝায় এমন একটি নীতি বা কর্মসূচি যেখানে পুনর্ব্যবহার, পুনরুৎপাদন ও পুনরুদ্ধারের মাধ্যমে সকল বর্জ্য শূন্যে নামিয়ে আনা হয়। এর মূল উদ্দেশ্য হলো - প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ হ্রাস, দূর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি কমানো ইত্যাদি।
উদাহরণ: খাবারের বর্জ্য কমানোর জন্য কম্পোস্টিং করা। পুনঃব্যবহারযোগ্য বোতল ও পাত্র ব্যবহার করা।