শ্রম আইন (সংশোধিত) অধ্যাদেশ - ২০২৫ এর বিষয়বস্তু


উপদেষ্টা পরিষদ গত ২৩ অক্টোবর ২০২৫ এ বাংলাদেশ শ্রম আইন (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও  চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ অনুমোদনের মধ্য দিয়ে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা উভয় পক্ষের জন্য অধিক ভারসাম্যপূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রধান বিষয়বস্তু

  1. গৃহকর্মী ও নাবিকদের শ্রমিক হিসেবে আইনের আওতায় আনা হয়েছে, ফলে তারা এখন আইনি সুরক্ষা পাবেন।
  2. বেসরকারি খাতে (বিশেষত ১০০ বা তার বেশি শ্রমিকের কারখানায়) প্রভিডেন্ট ফান্ড গঠন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।
  3. ন্যূনতম মজুরি এখন প্রতি তিন বছর অন্তর পুনর্নির্ধারণ করা হবে (আগে প্রতি পাঁচ বছর অন্তর হতো)। মুদ্রাস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি বিবেচনা করা হবে।
  4. বাধ্যতামূলক শ্রম (forced labor) পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত (blacklisting) করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
  5. ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। ইউনিয়ন গঠনের জন্য ন্যূনতম সদস্য সংখ্যা কমানো, একই কারখানায় একাধিক ইউনিয়নের সুযোগ এবং সমষ্টিগত দরকষাকষির (collective bargaining) নিয়ম সহজ করা হয়েছে। ট্রেড ইউনিউন গঠনে - 
    1. ২০-৩০০ শ্রমিক থাকলে ২০ জনের সম্মতি
    2. ৩০১-৫০০ শ্রমিক থাকলে ৪০ জনের সম্মতি
    3. ৫০১-১৫০০ শ্রমিক থাকলে ১০০ জনের সম্মতি লাগবে
  6. নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও ভাতা বৃদ্ধি করা হয়েছে (প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী সময় বাড়ানো হয়েছে)। মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন নির্ধারণ করা হয়েছে।
  7. “শ্রমিক”, “গৃহকর্মী”, “নাবিক”, “কালো তালিকাভুক্তকরণ”, “সহিংসতা ও হয়রানি” প্রভৃতি নতুন সংজ্ঞা আইনটিতে যুক্ত করা হয়েছে।
  8. বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (Alternative Dispute Resolution - ADR) প্রবর্তন করা হয়েছে।
  9. সরকারি বিধির মাধ্যমে কর্মস্থলে দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ তহবিল প্রতিষ্ঠা করা হবে।
  10. আইনটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর কনভেনশন ও জাতীয় কর্মপরিকল্পনার (National Action Plan) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত হয়েছে।
  11. যদিও এই সংশোধনে মূলত আনুষ্ঠানিক (formal) খাতের শ্রমিকদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক অনানুষ্ঠানিক (informal) খাত এখনো আইনের পূর্ণ আওতার বাইরে রয়ে গেছে।
এই শ্রম সংশোধনী বাংলাদেশের শ্রম-আইনকে নতুন মাত্রা প্রদান করেছে। শ্রমিকদের অধিকার সুরক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখা এই উদ্দেশ্যগুলি এ প্রকল্পে স্পষ্ট। তবে শুধু আইন থাকলেই হয় না; কার্যকর বাস্তবায়ন, নিয়োগকর্তার দায়িত্বশীলতা, শ্রমিকদের সচেতনতা এসব একসঙ্গে কাজ করতে হবে। যদি সংশোধিত আইন শুধু কাগজে-কলমে থেকে যায় এবং বাস্তবে প্রয়োগ না হয়, তবে তার সুফল আদতে শ্রমিকদের কাছে পৌঁছাবে না।

৮০ বছরে জাতিসংঘের যত ব্যর্থতা এবং প্রয়োজনীয় সংস্কার


জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩। বাংলাদেশ ১৩৬তম সদস্য। প্রায় ৮০ বছর ধরে সংস্থাটি বিশ্বশান্তি, মানবাধিকার ও বৈশ্বিক উন্নয়নের জন্য কাজ করছে। UNICEF, WHO, FAO, UNESCO, WFP, UNDP প্রভৃতি অঙ্গসংস্থাগুলোর মাধ্যমে জাতিসংঘ দারিদ্র্য হ্রাস, ক্ষুধা দূরীকরণ ও মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং একাধিকবার নোবেল পুরস্কার অর্জন করেছে।

৮০ বছরে জাতিসংঘের উল্লেখযোগ্য সফলতা:

১। বিশ্বশান্তি রক্ষা ও সংঘাত প্রতিরোধ: যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তিরক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা
  • কঙ্গোতে (MONUSCO) গৃহযুদ্ধ নিয়ন্ত্রণ
  • দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠা
২। মানবাধিকার সুরক্ষা: বিশ্বজুড়ে মানবাধিকারের মান নির্ধারণ
  • Universal Declaration of Human Rights (1948)
  • Human Rights Council গঠন (2006)
৩। শিশু, নারী ও শরণার্থী সুরক্ষা: ক্ষুধা, শিক্ষা, আশ্রয় ও স্বাস্থ্যে সহায়তা
  • UNICEF-এর "Child Survival Revolution"
  • UNHCR-এর ৭০+ মিলিয়ন শরণার্থী সহায়তা
৪। দারিদ্র্য ও ক্ষুধা হ্রাস: ক্ষুধা-দারিদ্র্য মোকাবিলায় বৈশ্বিক কর্মসূচি
  • Millennium Development Goals (MDGs) (2000-2015)
  • Sustainable Development Goals (SDGs) (2015-2030)
৫। বিশ্বস্বাস্থ্য উন্নয়ন: মহামারি ও রোগ নিয়ন্ত্রণে ভূমিকা
  • গুটিবসন্ত নির্মূল (1980 ঘোষণা)
  • COVID-19 মোকাবিলায় COVAX উদ্যোগ (2020)
৬। আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থা: রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ মীমাংসা
  • International Court of Justice (ICJ) এর মাধ্যমে ভারত-পর্তুগাল ও নিকারাগুয়া মামলা নিষ্পত্তি
৭। জলবায়ু পরিবর্তন মোকাবিলা: বৈশ্বিক জলবায়ু চুক্তি ও কর্মপরিকল্পনা
  • UNFCCC গঠন (1992)
  • Paris Climate Agreement (2015)
৮। শিক্ষা ও সংস্কৃতি বিকাশ: শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ
  • UNESCO-র "World Heritage Sites" প্রোগ্রাম
  • Education for All আন্দোলন
৯। মানবিক সহায়তা ও ত্রাণকাজ: যুদ্ধ-দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা
  • বাংলাদেশের শরণার্থী সহায়তা (১৯৭১)
  • হাইতি ভূমিকম্পের পর মানবিক ত্রাণ (2010)
১০। আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম: রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার স্থান
  • কিউবা সংকট (1962) এর পর সংলাপ
  • ইরান এর পারমাণবিক আলোচনায় IAEA ও UN-এর ভূমিকা
১১। এছাড়া এই আর্টিকেলের সকল চুক্তি বা কনভেনশনও জাতিসংঘের সফলতা বলে বিবেচিত।

তবে, বড় শক্তিগুলোর আধিপত্য, কাঠামোগত সীমাবদ্ধতা এবং নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। ১৯৪৫ সালের প্রেক্ষাপটে গঠিত সংগঠনটি আজকের বহুমাত্রিক বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না, তাই কাঠামোগত সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে।

জাতিসংঘের প্রধান ব্যর্থতাসমূহ:

১। বড় শক্তিগুলোর প্রভাব ও ভেটো পাওয়ার: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সের ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ প্রায়ই অচল হয়ে পড়ে। কোনো একটি দেশ আপত্তি জানালেই সিদ্ধান্ত কার্যকর হয় না।

২। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ: যুক্তরাষ্ট্র ও মিত্ররা জাতিসংঘের অনুমোদন ছাড়াই ইরাক ও আফগানিস্তানে হামলা চালায়। জাতিসংঘ তা ঠেকাতে ব্যর্থ হয়, যার ফলে ১০ লক্ষাধিক মানুষ নিহত হয়।

৩। ফিলিস্তিন ইস্যু: ইসরায়েলের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রভাবে ইসরায়েল প্রায় দায়মুক্ত থেকে যায়।

৪। রোহিঙ্গা সংকট: মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন রোধে ও বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রত্যাবাসনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে।

৫। কাশ্মীর ইস্যু: ভারত-পাকিস্তান বিরোধে জাতিসংঘ এখনো কার্যকর কোনো সমাধান দিতে পারেনি।

৬। রুয়ান্ডা ও বসনিয়ার গণহত্যা: ১৯৯০-এর দশকে রুয়ান্ডা ও সেব্রেনিৎসায় গণহত্যা চলাকালে জাতিসংঘ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে।

৭। লিবিয়া, সোমালিয়া ও অন্যান্য সংঘাত: এসব দেশে সাধারণ মানুষের প্রাণ রক্ষায় বা সংঘাত থামাতে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

৮। আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) দুর্বলতা: আদালতের রায় বাস্তবায়নের ক্ষমতা নেই। ইসরায়েল বা বড় শক্তিগুলোর বিরুদ্ধে রায় দিলেও তা কার্যকর হয় না।

৯। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সীমাবদ্ধতা: পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারে না। ইসরায়েলের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১০। নিরাপত্তা পরিষদের ভৌগোলিক ও জনসংখ্যাগত ভারসাম্যের অভাব: ইউরোপের প্রতিনিধিত্ব ৬০%, অথচ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কোনো স্থায়ী সদস্য নেই। এশিয়ার বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও মাত্র একটি দেশ (চীন) স্থায়ী সদস্য। এতে বিশ্ব প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হয়েছে।

১১। নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া: ৮০ বছরেও নিরাপত্তা পরিষদের গঠন পরিবর্তন হয়নি। ভারত, জাপান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর কোনো স্থায়ী আসন নেই। ফলে জাতিসংঘ আজ “পাঁচটি বৃহৎ রাষ্ট্রের সংগঠন (P5)” হয়ে পড়েছে।

১২। মহাসচিবের ক্ষমতাহীনতা: জাতিসংঘের মহাসচিবের কার্যত তেমন কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। সনদের অনুচ্ছেদ ৯৯ এ মহাসচিবকে কেবল সামান্য ক্ষমতা দেওয়া হয়। অনুচ্ছেদ ৯৯ এ বলা হয় - মহাসচিব যদি মনে করেন যে কোনো ঘটনা, সংঘর্ষ, মানবিক সংকট বা রাজনৈতিক পরিস্থিতি বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করতে পারে, তিনি নিজ উদ্যোগে এটি নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারেন।

The Secretary-General may bring to the attention of the Security Council any matter which in his opinion may threaten the maintenance of international peace and security.Article 99, UN Charter

জাতিসংঘ মানব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অসংখ্য সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাঠামোগত দুর্বলতা, ভেটো পাওয়ার ইত্যাদির কারণে বারবার ব্যর্থ হয়েছে। পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বিচার কাঠামোর সংস্কার এখন সময়ের দাবি।

জাতিসংঘের (প্রধানত - UNSC) প্রয়োজনীয় সংস্কার:

  • পরিষদের মেয়াদ, সদস্যসংখ্যা ও প্রতিনিধিত্ব-ব্যবস্থায় পরিবর্তন করা প্রয়োজন।
  • নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। প্রত্যেক মহাদেশ থেকে আনুপাতিক পদ্ধতিতে স্থায়ী সদস্যে নেওয়া যেতে পারে। যেমন বর্তমানে নিরাপত্তা পরিষদে মুসলিম বিশ্বের কোনো প্রতিনিধি নেই। এছাড়া ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশেরও কোনো সদস্য নেই।
  • স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার নিয়ন্ত্রণ অথবা সীমাবদ্ধ করা। যেমনঃ যেসব বিষয়ে মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, যুদ্ধাপরাধ বা গণহত্যার মতো ঝুঁকি আছে, সেখানে একক ভেটো ব্যবহার সীমিত করা প্রয়োজন।
  • মহাসচিবের তেমন কোনো ক্ষমতাই কার্যত রাখা হয়নি।
  • ত্রুটিপূর্ণ চাঁদা ব্যবস্থা থাকায় অধিক চাঁদা প্রদানকারী রাষ্ট্রগুলোর একচেটিয়া প্রভাব বিদ্যমান। তাই চাঁদা ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন।
  • সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণ, সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও ইনক্লুসিভ হওয়া প্রয়োজন।
  • শান্তিরক্ষা মিশনগুলোর ক্ষেত্রে অধিক যুগোপযোগী কার্যকর কাঠামো দরকার। এছাড়া নতুন ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি, আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ ইত্যাদিতে সংস্থার মনোযোগ বাড়ার দাবি রয়েছে।
  • এছাড়া পরিষদের কার্যপ্রণালী আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী হওয়া উচিত।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা

১। মানবিক সহায়তা ও অস্ত্রবিরতি নিশ্চিত করা

  • জাতিসংঘকে মানবিক স্থায়ী অস্ত্রবিরতি (Humanitarian Ceasefire) বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা নিতে হবে।

  • UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA)World Food Programme (WFP) এর মাধ্যমে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সহায়তা দ্রুত পৌঁছানো প্রয়োজন।

  • UNRWA (United Nations Relief and Works Agency) কে আরও সম্পদ ও রাজনৈতিক সহায়তা দিতে হবে যেন তারা গাজার বেসামরিক জনগণকে কার্যকরভাবে সাহায্য করতে পারে।

২। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষা

  • জাতিসংঘের Human Rights CouncilInternational Criminal Court (ICC) এর সঙ্গে সমন্বয় করে
    যুদ্ধাপরাধ, বেসামরিক হতাহতের ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্ত করতে হবে।

  • ইজরায়েলকে Geneva Convention (১৯৪৯) ও আন্তর্জাতিক মানবিক অন্যান্য আইনের প্রতি দায়বদ্ধ করতে হবে।

৩। কূটনৈতিক মধ্যস্থতা ও রাজনৈতিক সমাধান

  • জাতিসংঘের Special Coordinator for the Middle East Peace Process (UNSCO) কে সক্রিয় করে
    ইসরায়েল ও হামাসের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে।

  • Two-State Solution (Oslo Accord 1993) এর পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আঞ্চলিক অংশীদার যেমন মিশর, জর্ডান, কাতার ইত্যাদি দেশের সঙ্গে যৌথ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

৪। দীর্ঘমেয়াদি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা

  • যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি International Reconstruction Task Force গঠন করা যেতে পারে।

  • UNDPWorld Bank এর সহযোগিতায় অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুননির্মাণে সহায়তা করতে হবে।

৫। নিরপেক্ষ শান্তিরক্ষী উপস্থিতি

  • জাতিসংঘ একটি International Monitoring Mission বা Peacekeeping Force পাঠিয়ে সীমান্তে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে পারে। তবে ইতিমধ্যে মিশরের নেতৃত্বে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছে।

  • অতীতে লেবাননে [United Nations Interim Force in Lebanon (UNIFIL) - 1978] এমন মডেল সফলভাবে কাজ করেছে। গাজাতেও অনুরূপ কাঠামো প্রযোজ্য হতে পারে।

বাংলাদেশের অর্থ পাচার এবং ফেরত আনতে করণীয়


প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার করে গত সরকারের (খুন ও স্বৈরাচার হাসিনার সরকার) আমলে ১৭ বছরে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে। এই ভয়ঙ্কর তথ্য শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে আসে।

দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে দেশের বাহিরে অর্থ বা সম্পত্তি প্রেরণ বা রক্ষণকে অর্থ পাচার হিসেবে গণ্য করা হবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২

অর্থপাচারের উপায়ঃ

  1. ওভার ইনভয়েসিং/আন্ডার ইনভয়েসিং
  2. হুন্ডি
  3. মোবাইল ব্যাংকিং
  4. উচ্চ শিক্ষার ক্রেডিট ট্রান্সফার
  5. পণ্য আমদানির মিথ্যা ঘোষণায় এলসি খোলা

অর্থ পাচারের কারণঃ

  1. এদেশে ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন সহজ
  2. দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, তাই এখানে বিনিয়োগ করে প্রফিট করা খুব কঠিন
  3. সুশাসনের অভাব
  4. আইনের প্রয়োগ নেই
  5. রাজনৈতিক পটপরিবর্তনে রাজনীতিবিদ, ব্যবসায়ীরা তাদের সম্পদ নিয়ে টেনশনে থাকেন

অর্থ পাচার ঠেকাতে যারা কাজ করেঃ

  1. সিআইডি
  2. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
  3. বাংলাদেশ কাস্টমস
  4. জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
  5. পরিবেশ অধিদপ্তর
  6. বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
  7. দুদক

অর্থপাচারের গন্তব্যঃ

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ সবচেয়ে বেশি যেখানে পাঠানো হয়ঃ
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা (বিখ্যাত বেগমপাড়া)
  4. অস্ট্রেলিয়া
  5. সিঙ্গাপুর
  6. হংকং
  7. আরব আমিরাত
  8. মালেশিয়া (বিখ্যাত Second Home)

অর্থপাচার বন্ধের উপায়ঃ

  1. দুর্নীতি বন্ধে প্রযুক্তি ব্যবহারঃ বন্দরে স্ক্যানার বসানো
  2. বিদেশে রাজস্ব দপ্তর স্থাপনঃ ভারত সরকার বিভিন্ন দেশে রাজস্ব দপ্তর স্থাপন করে সংশ্লিষ্ট দেশে ভারতীয় নাগরিকদের অর্থ পাচারের তদন্ত চালাচ্ছে
  3. সক্ষমতা ও সমন্বয় বাড়ানোঃ NBR'র ট্রান্সফার প্রাইসিং সেলের মাধ্যমে বাজারে প্রচলিত পণ্যের মূল্য Over invoicing হচ্ছে কিনা তা চেক করা যায়।
  4. কঠোর আইনি প্রয়োগ ও দৃষ্টান্তঃ
    1. মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২
    2. পাচার করা অর্থের দ্বিগুণ জরিমানার বিধান রয়েছে
    3. জড়িতদের ১২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে
  5. পাচারকারীদের নাম প্রকাশ
  6. আইন প্রয়োগ ও ল' ফার্ম নিয়োগ
  7. মানি এক্সচেঞ্জে নজরদারিঃ অবৈধ মানি এক্সচেঞ্জে দৈনিক প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়। [Source: Dhaka Post]
  8. অনলাইনে প্রকৃত হিসাব যাচাইঃ সবার বেতন ভাতা প্রভৃতি অনলাইনে করা জরুরি
  9. সোনা চোরাচালান বন্ধঃ সোনা চোরাচালানের মাধ্যমে প্রতি বছর ৭৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। [Source: Prothom Alo]

পাচারকৃত অর্থ ফেরত আনার উপায়ঃ

  1. অর্থপাচারের বিষয়ে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে।
  2. যে দেশে অর্থ পাচার হয়েছে সে দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (FIU) সাথে পারষ্পরিক তথ্য বিনিময়।
  3. Mutual Legal Assistance এর ব্যবহার।
  4. Egmont Group এর সহযোগিতা নেওয়া, যারা অর্থপাচার রোধ করে।
  5. UNCAC এর সহায়তা নেওয়া।
  6. অন্য কোনো দেশ যারা এধরণের পরিস্থিতিতে টাকা ফেরত আনতে সক্ষম হয়েছে তাদের সহায়তা নেওয়া। যেমন, ২০২৩ সালে সিঙ্গাপুর প্রায় ১০০ বিলিয়ন ডলার সম্পদ জব্দ করতে সক্ষম হয়েছে।
  7. মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ কে সংশোধিত করে আরো শক্তিশালী করা।
  8. BFIU এর তৎপরতা বাড়ানো এবং আইন সংশোধন করা।
  9. ট্যাক্স হেভেন দেশগুলোর (Tax Heaven Countries) সাথে সুসম্পর্ক গড়ে তোলা।
  10. দুদক, সিআইডি ও BFIU মিলে একটি টাস্কফোর্স গঠন করা।
  11. যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশের সাথে ইকোনোমিক ডিপ্লোম্যাসি প্রয়োগ করা।
  12. ট্র্যাক ২ (Track II) ডিপ্লোম্যাসি প্রয়োগ করা, যেন সরকারের সাথে Non-State Actors রাও সহযোগিতা করতে পারে।
  13. যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশের সাথে MoU (Memorandum of Understanding) করা।
  14. Public Diplomacy'র মাধ্যমে জনসমর্থন আদায় করে পাচার হওয়া দেশে চাপ প্রয়োগ করা, যেন টাকা ফেরত দেয়।

অর্থপাচার প্রতিকারঃ

  1. দুদকসহ অন্যান্য তদন্তকারী সংস্থার কর্মকর্তার দ্বারা সার্ভাইলেন্স ও আন্ডারকাভার অপারেশন চালনার বিধান নেই। এর সমাধানে প্রো-একটিভ অনুসন্ধানের উদ্যোগ নিতে হবে।
  2. মানি লন্ডারিং উদ্ঘাটনের ক্ষেত্রে ফরেন্সিক একাউন্টিং টেকনিক ব্যবহার করতে হবে।
  3. ক্রস বর্ডার অপরাধের ক্ষেত্রে বিদেশ থেকে তথ্য সংগ্রহের জন্য অন্যান্য আঞ্চলিক সংস্থা, জোটের সাথে অন্তর্ভুক্ত হতে হবে।
  4. মানি লন্ডারিং প্রতিরোধে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন।
  5. সরকার কর্তৃক প্রণীত জাতীয় কৌশলপত্রের সিদ্ধান্ত বাস্তবায়ন।
  6. Mutual Legal Assistance Request প্রণয়ন, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সমন্বয় সাধনের জন্য বিশেষজ্ঞ লোকবল নিয়োগ করে মানি লন্ডারিং অনুবিভাগ তৈরি করা।
  7. বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক আইনি সহযোগিতা চুক্তি করা।

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে ইউনুসের সাত প্রস্তাব


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩০ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব উত্থাপন করে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টিসহ সবাইকে একসঙ্গে কাজ করে চিরতরে এই সংকটের সমাধানের আহবান জানান। প্রস্তাবগুলো হচ্ছে:

  1. রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা।
  2. মায়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ এবং সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের টেকসই প্রত্যাবাসন শুরু করা।
  3. রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সহায়তার বন্দোবস্ত করা এবং তা পর্যবেক্ষণে আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি নিশ্চিত করা।
  4. রাখাইনের সমাজ ও শাসনব্যবস্থায় রোহিঙ্গাদের টেকসই অন্তর্ভুক্তির জন্য আস্থা গড়ে তোলার পদক্ষেপ নেওয়া। 
  5. যৌথ পরিকল্পনায় অর্থদাতাদের পূর্ণ সহায়তা নিশ্চিত করা। 
  6. জবাবদিহি ও পুনর্বাসনমূলক ন্যায়বিচার ব্যবস্থা নিশ্চিত করা।
  7. মাদকের অর্থনীতি ধ্বংস করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন করা।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর লিখিত বক্তব্যে মায়ানমারে দশকের পর দশক ধরে সংখ্যালঘুদের নিপীড়ন-সহিংসতার শিকার হওয়ার কথা উল্লেখ করে সংকট সমাধানে তিনটি পদক্ষেপ নেওয়ার আহবান জানান। পদক্ষেপগুলো হলো:
  1. সব পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক সহায়তা আইন ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বেসামরিক মানুষের সুরক্ষা অগ্রাধিকারে রাখা।
  2. মায়ানমারে বাধাহীনভাবে মানবিক সহায়তা যাওয়ার সুযোগ সৃষ্টি এবং কোনো সম্প্রদায়কে খাবার, ওষুধ ও জীবনরক্ষাকারী সহায়তা থেকে বঞ্চিত না করা এবং
  3. মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করা।
সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ছয় কোটি এবং যুক্তরাজ্যের তিন কোটি ৬০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা। নিঃসন্দেহে তা বিদ্যমান তহবিল সংকটের সুরাহা ঘটাবে।

রোহিঙ্গা সংকট সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশ প্রতিবছর জাতিসংঘে সংকট সমাধানের জন্য আবেদন জানিয়ে আসছে, কিন্তু কিছুই ঘটেনি। দুবার তারিখ নির্ধারণ করেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি। শিগগিরই যে যাবে তেমন সম্ভাবনাও কম দেখা যাচ্ছে। তবে আমাদের এবং মায়ানমারের প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে চীন ও ভারতকে সম্পৃক্ত করা গেলে প্রত্যাবাসন সম্ভব হতেও পারে।

জুলাই সনদ: নতুন রাজনৈতিক সমঝোতার দলিল

জুলাই সনদ কী?

এক কথায় বললে জুলাই সনদ বা জাতীয় সনদ হলো মৌলিক সংস্কার সংশ্লিষ্ট দলিল। অভ্যুত্থানের পর সরকার পরিচালনা কাঠামো থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে। এ জন্য সংবিধান থেকে শুরু করে পুলিশ বাহিনী পর্যন্ত সংস্কারের লক্ষ্যে বিভিন্ন কমিশন গঠন করে সরকার। এসব কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের জন্য দরকার রাজনৈতিক দলগুলোর মতামত। এ কারণে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। যেটির কাজ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা। অর্থাৎ, দলগুলোর মতামতের ভিত্তিতে বিভিন্ন সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা। প্রস্তাবগুলো চূড়ান্ত হলেই তা একটি সনদ বা চার্টার আকারে প্রকাশ করা হবে। অর্থ্যাৎ, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাবের চূড়ান্ত রূপই হবে জুলাই সনদ বা জাতীয় সনদ। এই সনদে বলা থাকবে, কী কী সংস্কার কীভাবে হবে। এই সনদের তিনটি ভাগ রয়েছে। যথা:

  • ১ম ভাগ: পটভূমি 
  • ২য় ভাগ: ৮৪ টি সংস্কার প্রস্তাব 
  • ৩য় ভাগ: সনদ বাস্তবায়নে ৭ দফা অঙ্গীকার৷ 

স্বাক্ষরিত হবে: ১৭ অক্টোবর, ২০২৫

স্বাক্ষর করবেন: ৩০ টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ।

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য

বিষয় জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র
প্রসঙ্গ গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি
প্রস্তুতকারী জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলসমূহ অন্তর্বর্তীকালীন সরকার
উদ্দেশ্য সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ইত্যাদির সংস্কারের প্রস্তাবনা চূড়ান্ত করা গণঅভ্যুত্থানের পটভূমি, শহীদদের অবদান, আন্দোলনের চেতনা সংরক্ষণ
বিষয়বস্তু ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৮০টিরও বেশি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা শহীদদের প্রতি শ্রদ্ধা, আন্দোলনের চেতনা, ভবিষ্যতের জন্য মৌলিক আকাঙ্ক্ষা
আইনি মর্যাদা সংবিধানে সংশোধন ও আইনগত পরিবর্তনের মাধ্যমে বাস্তবায়ন সংবিধানের চতুর্থ তফসিলের মতো অংশে অন্তর্ভুক্তির আলোচনা চলছে
স্বীকৃতি রাজনৈতিক দলগুলোর দ্বারা স্বীকৃত; বাস্তবায়নের প্রতিশ্রুতি গণঅভ্যুত্থানের আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
প্রকাশের সময় ৩০টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে ১৭ই অক্টোবর ২০২৫ ২০২৫ সালের ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা প্রকাশিত

জুলাই সনদে যা থাকছে

  • সনদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো
  • কিছু প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো
  • সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের বিধান করা
  • কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া
  • আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট করা
  • এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এবং একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না এমন বিধান করা
  • আস্থা ভোট ও অর্থবিল ছাড়া অন্য সব ক্ষেত্রে আইনসভায় সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা দেওয়া
  • এছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ বেশ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাব আছে।
  • অবশ্য এর মধ্যে বেশ কিছু প্রস্তাবে বিএনপিসহ কোনো কোনো দলের ভিন্নমত আছে। কোন প্রস্তাবে কার ভিন্নমত আছে, তা সনদে উল্লেখ করা হয়েছে।

যেসব বিষয়ে ঐকমত্য

প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে:

  • স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন
  • জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা
  • রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা
  • সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ
  • সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা
  • স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা
  • আইনজীবীদের আচরণবিধি
  • গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন
  • তথ্য অধিকার আইনের সংশোধন
  • দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন
  • নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিত করা
  • দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন
  • দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি
  • আয়কর আইনের সংশোধন ইত্যাদি।

দ্বিতীয় পর্বে ১১টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়। সেগুলো হলো:

  1. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
  2. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ
  3. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান
  4. বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ
    1. সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ
    2. উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ
  5. জরুরি অবস্থা ঘোষণা
  6. প্রধান বিচারপতি নিয়োগ
  7. সংবিধান সংশোধন
  8. প্রধানমন্ত্রীর মেয়াদকাল (এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন)
  9. নির্বাচন কমিশন গঠন
  10. পুলিশ কমিশন গঠন
  11. নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ-সম্পর্কিত প্রস্তাব।

যেসব সিদ্ধান্তে ভিন্নমত

সনদে যেসব বিষয়ে কোনো কোনো দলের নোট অব ডিসেন্ট (Note of Dissent) বা ভিন্নমত আছে সেগুলোর মধ্যে আছে:

  1. রাষ্ট্রের মূলনীতি
  2. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব
  3. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান
  4. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: গঠনপ্রক্রিয়া
  5. উচ্চকক্ষ: পিআর ও প্রার্থী তালিকা প্রকাশ
  6. উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা 
  7. নারী আসনের বিধান
  8. সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ (ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক)
  9. দুর্নীতি দমন কমিশনে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা
  10. দুর্নীতি দমন কমিশন আইনের একটি ধারা (নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পর্কিত) সংশোধন

সাত বিষয়ে অঙ্গীকার

জুলাই সনদের শেষ অংশে আছে সনদ বাস্তবায়নে সাত দফা অঙ্গীকারনামা। এই সাত বিষয়ে অঙ্গীকার করে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে।

১. ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

২. এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে।

৩. দলগুলো সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলবে না।

৪.  ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

৫. গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

৬. সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করা হবে।

৭. যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।

জাতিসংঘের ২০২৫ সালের টেকসই উন্নয়ন (SDG) প্রতিবেদন ও বাংলাদেশের বাস্তবতা

২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা (SDGs) বাস্তবায়নে বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত “দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস রিপোর্ট ২০২৫” বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এক কঠিন বাস্তবতা:

  • মাত্র ৩৫% লক্ষ্য সঠিক পথে আছে,
  • ৫০% ধীরগতিতে অগ্রসর হচ্ছে,
  • এবং ১৮% লক্ষ্য ২০১৫ সালের সূচকের তুলনায় পিছিয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একে আখ্যা দিয়েছেন "A Global Development Emergency" হিসেবে।

বাংলাদেশের অগ্রগতি:

বাংলাদেশ গত এক দশকে টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
  • শিশু মৃত্যুহার হ্রাস,
  • নারীর স্কুলে অংশগ্রহণ বৃদ্ধি,
  • সর্বজনীন বিদ্যুতায়ন,
  • এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়ন।
এসবই বাংলাদেশের ইতিবাচক অগ্রগতির প্রতিফলন। বিশেষ করে নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ ও সামাজিক প্রকল্পগুলোর ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত।

তবে এই অগ্রগতির বিপরীতে কিছু মৌলিক সংকট দ্রুত সমাধানের দাবি রাখে:
  • জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ,
  • কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক সংকট,
  • বৈশ্বিক ঋণচাপ ও মুদ্রাস্ফীতি,
  • এবং তথ্য ব্যবস্থার দুর্বলতা
এসব বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের অগ্রগতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অগ্রাধিকারের ছয় খাতে বাংলাদেশের অবস্থান

জাতিসংঘ ২০২৫ সালের প্রতিবেদনে ছয়টি খাতকে দ্রুত উন্নয়নের জন্য চিহ্নিত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই খাতগুলো অতি গুরুত্বপূর্ণ:

১. খাদ্য ব্যবস্থা: ধান উৎপাদনে সাফল্য, কিন্তু পুষ্টি ঘাটতি প্রকট

  • ধানে স্বয়ংসম্পূর্ণতা অর্জন একটি বড় অর্জন হলেও শিশুদের খর্বাকৃতি, অপুষ্টি এবং নারীদের খাদ্য বৈচিত্র্যের অভাব এখনো গুরুতর সমস্যা।

  • ছোট কৃষকরা আধুনিক প্রযুক্তি, বিমা সুবিধা এবং বাজার সংযোগ থেকে বঞ্চিত।

  • জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদনশীলতা হুমকির মুখে।

করণীয়জলবায়ু-সহনশীল ফসল, কৃষি গবেষণায় বিনিয়োগ, এবং পুষ্টিনির্ভর খাদ্য নীতিমালা গ্রহণ জরুরি।

২. জ্বালানি: বিদ্যুৎ পৌঁছেছে, পরিচ্ছন্ন জ্বালানিতে পিছিয়ে

  • দেশের প্রায় শতভাগ মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এলেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সীমিত।

  • গ্রামীণ অঞ্চলে আজও কাঠ, খড়, কেরোসিন ব্যবহৃত হচ্ছে।

করণীয়সবুজ বিনিয়োগ, বায়োগ্যাস ও সৌরবিদ্যুৎ প্রকল্প, এবং জ্বালানি ভর্তুকি কাঠামোর সংস্কার প্রয়োজন।

৩. ডিজিটাল সংযুক্তি: অগ্রগতি আছে, কিন্তু বিভাজনও

  • অনলাইন সংযোগ ৭০%+, মোবাইল ব্যাংকিং ও ই-গভর্ন্যান্স ব্যবহারে বৃদ্ধি লক্ষ্যণীয়।

  • কিন্তু গ্রামীণ জনগোষ্ঠী, নারীরা ও প্রবীণরা এখনও ডিজিটাল ব্যবস্থার বাইরে।

করণীয়ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি, সুলভ ইন্টারনেট এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৪. শিক্ষা: ভর্তির হার বেড়েছে, গুণগত মান প্রশ্নবিদ্ধ

  • প্রাথমিক পর্যায়ে লিঙ্গসমতা অর্জন প্রশংসনীয় হলেও শিক্ষার মান নিয়ে উদ্বেগ রয়েছে।

  • কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাঠ-অনুধাবন এবং গণিতে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে।

করণীয়শিক্ষকের প্রশিক্ষণ, সৃজনশীল পাঠ্যক্রম এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণ প্রয়োজন।

৫. কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা: অনানুষ্ঠানিক খাতই প্রধান

  • অধিকাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন—নেই নিশ্চয়তা, সুরক্ষা বা স্থায়িত্ব।

  • কিছু সামাজিক নিরাপত্তা প্রকল্প থাকলেও এগুলোর আওতা কম এবং রাজনৈতিক প্রভাব প্রবল।

করণীয়দক্ষতা উন্নয়ন, এসএমই খাতে বিনিয়োগ, এবং স্বয়ংসম্পূর্ণ সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

৬. জলবায়ু ও জীববৈচিত্র্য: অস্তিত্বের প্রশ্ন

  • ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও বাস্তুচ্যুতি বেড়েই চলেছে।

  • সুন্দরবন ও অন্যান্য জীববৈচিত্র্যপূর্ণ এলাকা হুমকির মুখে।

  • আন্তর্জাতিক সহায়তা না থাকায় অভিযোজন কৌশল বাস্তবায়নে সমস্যা।

করণীয়আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, স্থানীয় অভিযোজন প্রকল্পে বিনিয়োগ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন।

তথ্য ব্যবস্থার দুর্বলতা: নীতি নির্ধারণে বড় বাধা

কার্যকর টেকসই উন্নয়ন কাঠামোর জন্য নির্ভুল, সময়োপযোগী ও উন্মুক্ত তথ্য অপরিহার্য।

  • বাংলাদেশ এখনো অনেক ক্ষেত্রে দাতানির্ভর ডেটার ওপর নির্ভর করে।

  • ৩৯টিরও বেশি SDG সূচক তথ্য সংকটে পড়েছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, নারী নির্যাতন ও বস্তিবাসীর জীবনযাপন বিষয়ে।

করণীয়জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বাড়াতে হবে এবং নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য সহযোগিতা বাড়াতে হবে।

পিআর পদ্ধতি: ভারসাম্যের মুখোশে রাজনৈতিক বিপর্যয়ের শঙ্কা

বাংলাদেশের রাজনীতিতে আজ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি বা সংক্ষেপে পিআর পদ্ধতি নিয়ে এক নতুন বিতর্ক ঘনিয়ে উঠেছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত ছোট দলগুলো, এই পদ্ধতি চালুর পক্ষে সোচ্চার হয়ে উঠেছে। তাদের দাবি, এই পদ্ধতি গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করবে। অন্যদিকে অনেক বিশ্লেষক ও বৃহৎ রাজনৈতিক শক্তিগুলো একে দেখছে সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিপর্যয়ের নতুন সূত্র হিসেবে।

পিআর পদ্ধতির মৌলিক ধারণা

পিআর পদ্ধতিতে কোনো দলের সংসদীয় আসন নির্ধারিত হয় সেই দলের প্রাপ্ত জাতীয় ভোটের অনুপাতে। উদাহরণস্বরূপ, যদি কোনো দল ২০% ভোট পায়, তারা পাবে ২০% আসন। এতে সংখ্যাগরিষ্ঠদের পাশাপাশি সংখ্যালঘুদেরও সংসদে উপস্থিতি নিশ্চিত হয়।

এই পদ্ধতি এখন ইউরোপ, লাতিন আমেরিকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে ব্যবহৃত হচ্ছে। সেখানে এটি রাজনৈতিক বৈচিত্র্য ও অংশগ্রহণের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই একই বাস্তবতায় অবস্থান করছে?

বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক বিপর্যয়ের আশঙ্কা কেন?

১। অস্থিতিশীল ও দুর্বল জোট সরকার

পিআর পদ্ধতিতে সাধারণত এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায় না। ফলস্বরূপ, জোট সরকার গঠন বাধ্যতামূলক হয়ে পড়ে। বাংলাদেশের বাস্তবতা হলো, এখানে জোট রাজনীতি মানেই সুবিধাবাদ, আদর্শ নয়। ফলে সরকার গঠন ও টিকিয়ে রাখা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

২। সিদ্ধান্তহীনতা ও প্রশাসনিক অচলাবস্থা

বহুদলীয় সংসদে নীতিনির্ধারণে মতপার্থক্য, বিবাদ এবং কালবিলম্ব অনিবার্য। এতে নীতির ধারাবাহিকতা নষ্ট হয় এবং নীতিমালার বাস্তবায়ন বিলম্বিত হয়, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

৩। জনপ্রতিনিধিত্ব ও দায়বদ্ধতার সংকট

পিআর পদ্ধতিতে ভোটাররা কোনো নির্দিষ্ট প্রার্থীকে নয়, বরং দলকে ভোট দেন। এতে ভোটারের সঙ্গে প্রতিনিধির প্রত্যক্ষ সম্পর্ক ভেঙে যায়। সংসদ সদস্যরা দায়বদ্ধ হয় দলের প্রতি, জনগণের প্রতি নয়। গণতন্ত্রের মূল সৌন্দর্য জবাবদিহিতার বড় ক্ষতি হয়।

৪। দলীয় একনায়কত্বের বিস্তার

পিআর পদ্ধতিতে সংসদ সদস্যদের মনোনয়ন থাকে দলের হাতে। এতে দলীয় প্রধানের কর্তৃত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যার ফলে দলীয় স্বৈরতন্ত্র আরও মজবুত হয়। এ প্রবণতা গণতন্ত্রকে আরও দুর্বল করে তোলে।

৫। প্রশাসনিক ও কাঠামোগত দুর্বলতা

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো এখনো রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। দুর্নীতি, দলীয়করণ ও স্বচ্ছতার অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে পিআর পদ্ধতির মতো জটিল মডেল বাস্তবায়ন মানে রাজনৈতিক বিশৃঙ্খলাকে ডেকে আনা।

৬। সংসদে দরকষাকষি ও ক্ষমতার রাজনীতি

সংসদ হবে খণ্ডিত, বহু দল একে অপরের সঙ্গে দলগত ও ব্যক্তিগত স্বার্থে দর-কষাকষি করবে। এতে সংসদ হয়ে উঠবে নীতিহীন রাজনৈতিক নাটকের মঞ্চ, যেখানে উন্নয়ন বা সেবার চেয়ে ক্ষমতা ভাগাভাগি বড় হয়ে উঠবে।

৭। সংবিধানগত প্রতিবন্ধকতা

বর্তমান সংবিধানে পিআর পদ্ধতির বিধান নেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে, সংবিধান পরিবর্তন ছাড়া এই পদ্ধতি চালু করা সম্ভব নয়। তা ছাড়া নির্বাচন সামনে রেখে হঠাৎ এই পদ্ধতি বাস্তবায়ন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট মূলত নির্বাচনী পদ্ধতির ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির অসুস্থতা। যতদিন নিরপেক্ষ প্রশাসন গড়ে না উঠবে, স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হবে না,‍ সহনশীল রাজনৈতিক চর্চা শুরু হবে না, তত দিন কোনো পদ্ধতিই কার্যকর হবে না, সে যতই গণতান্ত্রিক হোক না কেন।

অতএব, পিআর পদ্ধতি গণতন্ত্রে সংখ্যাগত ভারসাম্য আনতে পারলেও, তা রাজনৈতিক ভারসাম্য, স্থিতিশীলতা ও দায়বদ্ধতার জন্য বিপজ্জনক হতে পারে। বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে অপরিপক্ব, সংঘাতমুখী এবং দুর্বল প্রশাসনিক কাঠামোর দেশে পিআর পদ্ধতি সমাধানের চেয়ে বেশি সমস্যা তৈরি করতে পারে। তাই, আজকের বাস্তবতায় পিআর পদ্ধতি কোনো যাদুকরী সমাধান নয়, বরং এটি হতে পারে আরেকটি রাজনৈতিক বিপর্যয়ের সূচনা।

ঢাকার রাস্তার যানজট এর কারণ ও সম্ভাব্য সমাধান

২০১৮ সালের ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের বেপরোয়া চালনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। যদিও তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে ছয় বছর পরও সড়কব্যবস্থায় বাস্তব কোনো পরিবর্তন আসেনি। যানজট, ঝুকিপূর্ণ যানবাহন, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা এই সমস্যাটিকে আরও গুরুতর করে তুলেছে।

সমস্যার প্রধান কারণসমূহ:

১. শাসনব্যবস্থার চরম ব্যর্থতা
  • প্রশাসনিক অদক্ষতা ও দুর্বলতা
  • দায়িত্বহীনতা এবং জবাবদিহির অভাব
  • রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উদাসীনতা

২. দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব
  • ভুয়া লাইসেন্সধারী চালক ও ফিটনেসবিহীন যানবাহন
  • বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও অন্যান্য দপ্তরে ঘুষ ও অনিয়ম
  • পরিবহন মালিকদের সঙ্গে রাজনীতিকদের ঘনিষ্ঠতা
  • শক্তিশালী পরিবহন সিন্ডিকেট এই খাতের সংস্কারকে বাধা দেয়

৩. প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা
  • ডিএমপি, বিআরটিএ ও ডিটিসিএ’র মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই
  • আলাদা কাজ করে, অথচ সিদ্ধান্তগুলো একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক
  • সড়ক ব্যবস্থাপনায় একাধিক মন্ত্রণালয়ের ভূমিকা, কিন্তু সমন্বয়ের অভাব

৪. নীতির সাথে বাস্তবতার অসঙ্গতি
  • বাস রুট রেশনালাইজেশন বা ‘ঢাকা নগর পরিবহন’ এর মতো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি
  • মালিকপক্ষের চাপ ও ক্ষতিপূরণের অভাব
  • নীতিনির্ধারকেরা বাস্তব দুর্ভোগ থেকে বিচ্ছিন্ন (ভিআইপি বহর, সাইরেন)

৫. অকার্যকর প্রকৌশল ও রোড ডিজাইন
  • ভুল রোড-মার্কিং ও ট্রাফিক সাইন অনুপস্থিত
  • প্রকল্পে প্রযুক্তিগত দক্ষতার অভাব

৬. দৃষ্টিনন্দনতার প্রাধান্য
  • প্রকল্পে কার্যকারিতার বদলে দৃশ্যমানতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়
  • জনগণের প্রয়োজন না বুঝে পরিকল্পনা করা হয়

৭. নাগরিকদের নিরুৎসাহ ও আত্মসমর্পণমূলক মানসিকতা
  • মানুষ এখন পরিস্থিতিকে মেনে নিচ্ছে, পরিবর্তনের আশা হারাচ্ছে
  • এটি ঢাকার মতো মেগাসিটিতে থাকার "মূল্য" হিসেবে মেনে নেওয়ার প্রবণতা

প্রস্তাবিত সমাধানসমূহ:

১. শাসনব্যবস্থার সংস্কার
  • দুর্বল প্রশাসনিক কাঠামোর সংস্কার করতে হবে
  • জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

২. দুর্নীতির লাগাম টানতে হবে
  • ট্রাফিক ব্যবস্থার মূল অসুখ হলো দুর্নীতি, এটি নির্মূল করতে হবে
  • রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে

৩. প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়
  • ডিএমপি, বিআরটিএ, ডিটিসিএ এর মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে
  • একীভূত নীতিমালা ও বাস্তবায়ন কাঠামো দরকার

৪. বাস্তবভিত্তিক নীতি প্রণয়ন
  • সব অংশীজন (যেমন মালিক, চালক, যাত্রী) এর মতামত নিয়ে নীতি প্রণয়ন
  • ক্ষতিপূরণ ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে রুট রেশনালাইজেশন বাস্তবায়ন

৫. নেতৃত্ব ও নীতিনির্ধারক
  • যাঁরা নীতিনির্ধারণ করেন, তাঁদের সাধারণ মানুষের ভোগান্তি বুঝতে হবে
  • “ভিআইপি” সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

৬. কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন
  • ব্যবহারযোগ্য ও নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে হবে
  • প্রকল্পে প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবতা বিবেচনা করা জরুরি

বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি


মূল্যস্ফীতি বাড়ার কারণে জনগণের প্রকৃত আয় হ্রাস পাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, যখন পণ্যের দাম বাড়ে কিন্তু মানুষের আয় একই থাকে, তখন এটি কার্যত এক ধরণের অদৃশ্য কর এর মতো প্রভাব ফেলে।

সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছিল, যেখানে ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ, সুদহার বৃদ্ধি এবং অর্থ সরবরাহ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়।

দক্ষিণ এশিয়ার বর্তমান মূল্যস্ফীতির চিত্রঃ

Data Source: Bangladesh Bureau of Statistics (BBS) [September 2025]
(Graph generated by Editor)

বিশেষজ্ঞদের মতে মূল্যস্ফীতির কারণঃ

  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি

  • আমদানি নির্ভরতা

  • দুর্বল বাজার তদারকি

  • সরবরাহব্যবস্থার অদক্ষতা

ভারত ও শ্রীলংকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলঃ

  • কার্যকর বাজার তদারকি

  • কঠোর মুদ্রানীতি প্রণয়ন

  • কৃষিশিল্প উৎপাদন বৃদ্ধিমুখি নীতি গ্রহণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করনীয়ঃ

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে. মুজেরি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার নিন্মোক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেঃ

  • বাজার ব্যবস্তাপনায় স্বচ্ছতা আনা

  • পাইকারি পর্যায়ে মনোপলি ভাঙ্গা

  • খাদ্য আমদানিতে শুল্ক কমানো

  • কৃষিপণ্যের সরাসরি বিপণন চ্যানেল শক্তিশালী করা

বাংলাদেশের ওষুধশিল্পের কাঁচামাল (এপিআই) উৎপাদনে স্বনির্ভরতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের ওষুধশিল্প ১৯৮২ সালের ওষুধনীতির পর থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দেশি কোম্পানিগুলো এখন মোট চাহিদার প্রায় ৯৮% পূরণ করে এবং বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার রপ্তানি আয় করছে।

বর্তমানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস-সহ কয়েকটি প্রতিষ্ঠান সীমিতসংখ্যক এপিআই (Active Pharmaceutical Ingredients) বাঁ ওষুধের মূল কাঁচামাল উৎপাদন করছে। তবে এ উৎপাদন মূলত প্যারাসিটামলসহ কিছু নির্দিষ্ট কাঁচামালেই সীমাবদ্ধ রয়েছে। তাই এখনো প্রায় ৯৫% এপিআই আমদানিনির্ভর। এই নির্ভরশীলতা বাংলাদেশের ওষুধশিল্পের জন্য একটি মারাত্মক ঝুঁকি এবং অশনি সংকেত। বিশেষত এলডিসি (LDC) থেকে উত্তরণের পর এটি চরম আকার ধারণ করতে পারে।

বিগত সরকার ২০১৮ সালে “ন্যাশনাল এপিআই অ্যান্ড ল্যাবরেটরি রি–এজেন্টস প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট পলিসি” (National API and Laboratory Re-agents Production and Export Policy) প্রণয়ন করে, যার লক্ষ্য ছিল স্থানীয় উৎপাদন বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু গজারিয়ায় স্থাপিত এপিআই পার্ক আশানুরূপভাবে কাজ শুরু করতে পারেনি। কারণ গ্যাসসংযোগ, অবকাঠামো, দক্ষ জনবল, ও ইন্টারমিডিয়ারি (intermediary) উপকরণের অভাব প্রধান বাধা হয়ে আছে।

বাংলাদেশে এপিআই শিল্প টেকসই করতে হলে করনীয়ঃ

  • দেশে এপিআই উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ ও শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ সিস্টেম নিশ্চিত করা। অর্থাৎ কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে এপিআই প্রস্তুত পর্যন্ত পুরো সরবরাহ চেইনকে স্বয়ংসম্পূর্ণ, নির্ভরযোগ্য ও টেকসই করতে হবে।
  • শিল্প ও একাডেমিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করা অপরিহার্য। এতে গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ জনশক্তির প্রশিক্ষণ সহজ হবে।
  • আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সংযুক্তি এবং প্রযুক্তি স্থানান্তর ওষুধ শিল্পকে দ্রুত আধুনিকীকরণে সাহায্য করবে। বিদেশি প্রযুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় উৎপাদনপ্রক্রিয়া উন্নত হবে, উৎপাদনক্ষমতা বাড়বে ও গুণগত মান নিশ্চিত হবে।
  • এসব উপাদান একত্র করে একটি উপযুক্ত ব্যবসায়িক মডেল তৈরি করে চীনসহ যেসব দেশ বর্তমানে এপিআই উৎপাদনে শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের কৌশলগতভাবে প্রস্তাব দিতে হবে। প্রস্তাব এমনভাবে উপস্থাপন করতে হবে যেন বাংলাদেশ ও সম্ভাব্য বিনিয়োগকারী দেশ—উভয়েই উইন উইন পরিস্থিতিতে থাকে।
  • বর্তমানে দেশে যেসব প্রতিষ্ঠান এপিআই উৎপাদনে যুক্ত রয়েছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA) তাদের সঙ্গে আলোচনা করে একটি উপযুক্ত ব্যবসায়িক মডেল প্রণয়ন করতে পারে। যাতে এই খাতে বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হয়।
  • এছাড়া সরকারের পক্ষ থেকে সঠিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের জন্য শুল্কসুবিধা, কর প্রণোদনা ও প্রযুক্তি স্থানান্তরে সহায়তা করা হলে বাংলাদেশ গ্লোবাল এপিআই চেইনে স্থায়ী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। 

পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তানের উত্তেজনা ও বাংলাদেশের উপর প্রভাব


২০২৫ সালের ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পর্যটনকেন্দ্র পাহেলগাম এ সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন বেসামরিক পর্যটক নিহত এবং অনেকে আহত হন। ভারত তাৎক্ষণিক অভিযোগ করে যে, এ হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো বিশেষ করে The Resistance Force (TRF) এর সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে, পাকিস্তান এটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন (False Flag Operation) বলে দায় অস্বীকার করে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এ ঘটনার পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে, সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি হয়, এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

Figure: Pahalgam (Jammu-Kashmir)

ভারতের প্রতিক্রিয়া

পাহেলগাম হামলার পর ভারত সরকার বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়ঃ

  • সিন্ধু নদ পানি চুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখার ঘোষণা দেয়। উল্লেখ্য, এই চুক্তিটি ১৯৬০ সালে স্বাক্ষরিত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে যতই উত্তেজনা হোক না কেন, কখনোই স্থগিত করা হয়নি।
  • পাকিস্তানি নাগরিকদের দেওয়া কিছু ভিসা বাতিল করে।
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয় ও পাকিস্তান থেকে আসা সব পণ্য আমদানি নিষিদ্ধ করে।
  • পাকিস্তানি কূটনীতিকদের একটি অংশকে দেশে ফেরত পাঠায় (Persona Non Grata - PNG) এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের দেশে ফেরত (Re-Call) নিয়ে আসে।
  • দেশব্যাপী প্রতিরক্ষা মহড়া ও সতর্কতা জারি করে, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে।
  • ৭ মে অপারেশন সিঁদুর পরিচালনা করে।

পাকিস্তানের প্রতিক্রিয়া

পাকিস্তান সরকার বলেছে, তাদের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক নেই এবং ভারত প্রমাণ ছাড়া দোষারোপ করছে। ইসলামাবাদ একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। এছাড়া-
  • ভারতীয় উস্কানির প্রতিক্রিয়ায় পাকিস্তান নিজের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়।
  • সামরিক প্রস্তুতির অংশ হিসেবে “আব্দালি” স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালায়।
  • কূটনৈতিকভাবে, পাকিস্তান বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) আলোচনা করেছে।
  • ভারতের অপারেশন সিঁদুর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ১০ মে অপারেশন বুনিয়ান-উন-মারসুস পরিচালনা করে। পাকিস্তানের অভিযোগ, ভারত তিনটি বিমানঘাঁটিসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তাই পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক-রাজনীতিতে এর প্রভাব

পাহেলগাম ইস্যু শুধু ভারত-পাকিস্তান সম্পর্কেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি করেছে।
  • সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানের কৃষি ও পানিসম্পদে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।
  • সীমান্তে উত্তেজনা বাড়ার কারণে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বাণিজ্যিক রুট ও যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
  • ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে ১৩ মে উভয়পক্ষ অস্ত্রবিরতিতে যায়।

বাংলাদেশের উপর প্রভাব

বাংলাদেশ সরাসরি এ সংঘাতে জড়িত না হলেও এর কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। যেমনঃ
  • বাণিজ্য ও রপ্তানি ব্যাহত হতে পারে, কারণ ভারত-পাকিস্তান উত্তেজনা দক্ষিণ এশিয়ার বাণিজ্য রুট ও ট্রানজিট ব্যবস্থায় চাপ সৃষ্টি করবে।
  • নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত নজরদারি আরও জোরদার করতে হতে পারে।
  • ভারত যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপের কারণে আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তন আনে, তবে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে।
  • পানি ও নদী বিষয়ক আলোচনাগুলোর ওপরও প্রভাব পড়তে পারে, বিশেষত গঙ্গা ও তিস্তা সংক্রান্ত সংলাপে ভারতের অবস্থান পরিবর্তন হতে পারে।

তিস্তা মহাপরিকল্পনা: উত্তরবঙ্গের নতুন আশা

Figure: Teesta River Comprehensive Management and Restoration Project Map

ভারত ফারাক্কায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি আটকে রাখায় বাংলাদেশ অংশে গ্রীষ্মে পানিশূন্যতা ও বর্ষায় ভাঙন দেখা দিচ্ছে। এর ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারী জেলাগুলোর মানুষ দারিদ্র্যের চক্রে আটকে আছে। ২০১১ সালে একনেকে অনুমোদন পাওয়া সত্ত্বেও ভারতের বাধায় তৎকালীন সরকার তিস্তা পানিবন্টন চুক্তি বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রকল্পটি আবারও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চীন ও ভারত দুই দেশই এতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

প্রকল্পের সারসংক্ষেপ

  • প্রকল্পের নাম: তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (Teesta River Comprehensive Management and Restoration Project)
  • নদীর মোট দৈর্ঘ্য (বাংলাদেশ অংশে): প্রায় ১১৫ কিলোমিটার
  • বিনিয়োগ সহায়তাকারীঃ চীন

চিত্রঃ তিস্তা মহাপরিকল্পনার প্রজেক্ট হাইলাইটস

প্রকল্পের উদ্দেশ্য

  1. তিস্তা নদীতে সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করা
  2. বর্ষায় বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণ করা
  3. শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সংরক্ষণ করা
  4. নদীর দুই তীরের জীবন-জীবিকা ও কৃষি পুনরুদ্ধার করা
  5. পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করা

তিস্তা মহাপরিকল্পনায় যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে

১। নদী পুনর্গঠন ও খনন (River Restoration & Dredging)
  • তিস্তায় সারা বছর পর্যাপ্ত পানিপ্রবাহ রাখার জন্য নদী খনন করে গভীর ও প্রশস্ত করা হবে।
  • নদীর পুরনো চ্যানেল পুনরুদ্ধার করা হবে যাতে বর্ষায় পানি ধারণ ক্ষমতা বাড়ে।
২। তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণ (Embankment & Riverbank Protection)
  • ভাঙনপ্রবণ এলাকাগুলোতে কংক্রিটের বাঁধ তৈরি হবে।
  • নদীর দুই তীরে সুরক্ষা দেয়াল ও বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
৩। পানি সংরক্ষণ ও সেচ ব্যবস্থা (Reservoir & Irrigation Network)
  • শুষ্ক মৌসুমে কৃষির জন্য পানি সংরক্ষণের জলাধার তৈরি হবে।
  • আধুনিক সেচ ব্যবস্থা (canal & pipeline network) গড়ে তোলা হবে।
৪। কৃষি, মৎস্য ও জীবিকা উন্নয়ন
  • নদী সংলগ্ন এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসলের বৈচিত্র্য আনা হবে।
  • মৎস্য উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা হবে।
  • ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পুনর্বাসন কর্মসূচি থাকবে।
৫। ইকোসিস্টেম ও পরিবেশ ব্যবস্থাপনা
  • নদীর জীববৈচিত্র্য, পাখি, গাছপালা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা হবে।
  • পরিবেশবান্ধব নদী ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হবে।
৬। প্রযুক্তি ও কারিগরি সহায়তা
  • নদীর পানি, মাটি, প্রবাহ ও বৃষ্টিপাত মনিটর করার জন্য স্মার্ট সেন্সর ও মনিটরিং সিস্টেম বসানো হবে।
  • স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নদীর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হবে।
৭। অর্থায়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ
  • চীন বা অন্য উন্নয়ন সহযোগীদের থেকে অর্থ ও প্রযুক্তি সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
  • প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি ব্যয় হতে পারে।
৮। প্রাতিষ্ঠানিক ও পরিকল্পনাগত বিষয়
  • প্রকল্প পরিচালনার জন্য বিশেষ কর্তৃপক্ষ বা সংস্থা গঠন করা হতে পারে।
  • পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের প্রধান বাস্তবায়ন সংস্থা হিসেবে কাজ করবে।

তিস্তা সমস্যার প্রস্তাবিত সমাধানসমূহ

১। ভারতের সঙ্গে সমঝোতা জরুরিঃ চীন অর্থ ও প্রযুক্তি দিলেও ভারতের সহযোগিতা ছাড়া শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বাড়বে না। তাই দ্বিপক্ষীয় বা আঞ্চলিক পানি চুক্তি করা প্রয়োজন।

২। সমন্বিত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা উদ্যোগঃ সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশ, ভারত, চীন ও অন্য প্রতিবেশী দেশগুলো মিলে একটি বৃহত্তর পানি ব্যবস্থাপনা উদ্যোগ নিতে পারে, যাতে নদীগুলোর প্রবাহ টিকিয়ে রাখা যায়।

৩। কারিগরি ও পরিবেশগতভাবে টেকসই প্রকল্প বাস্তবায়নঃ বিশেষজ্ঞদের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সময় প্রযুক্তিগত পরামর্শ, অংশীজনদের মতামত এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করা দরকার।

৪। বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধ ব্যবস্থা জোরদারঃ নদীর তীর সংরক্ষণ, পাড় বাঁধ নির্মাণ এবং পানি সংরক্ষণ কাঠামো তৈরি করে ভাঙন ও মরুকরণ রোধের ব্যবস্থা নিতে হবে।

৫। নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদি সিদ্ধান্তঃ ভারত শিলিগুড়ি করিডর অঞ্চলে চীনের উপস্থিতি চায় না, তাই বিরোধিতা করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংবেদনশীল বিষয়ে অন্তর্বর্তী সরকারের নয়, বরং নির্বাচিত সরকারের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়াই উত্তম।